থানায় মামলা
শাল্লায় দেশীয় অস্ত্রের মুখে ৩টি গরু লুটের অভিযোগ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দেশীয় অস্ত্রের মুখে এক কৃষকের তিনটি গরু জোরপূর্বক লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৩ জুন দুপুরে উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের মনুয়া গ্রামের বাসিন্দা কাছম আলীর গরুগুলো নিয়ে যায় একই ইউনিয়নের ইছাকপুর গ্রামের মুশাহিদ মিয়া ও তার সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগী কাছম আলী বাদী হয়ে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুন দুপুর আনুমানিক ১২টার দিকে মনুয়া গ্রামের পশ্চিম পাশের ‘দেওয়ালের কান্দা’ এলাকায় মাঠে চড়তে থাকা তিনটি গরু দেশীয় অস্ত্রসহ নৌকাযোগে এসে তুলে নিয়ে যান মুশাহিদ মিয়া ও তার সহযোগীরা। এ সময় স্থানীয় এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের অস্ত্র দেখিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মনুয়া গ্রামের মো. শামছু মিয়া, আব্দুল করিম ও মো. রাশেল মিয়া জানান, তাদের চোখের সামনেই ৪-৫ জন ব্যক্তি মাঠ থেকে জোরপূর্বক গরুগুলো নৌকায় তুলে নিয়ে যায়। তারা বাধা দিতে গেলে তাদের ওপর চড়াও হয় এবং হুমকি দেয়।
এ বিষয়ে অভিযুক্ত মুশাহিদ মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ভাই মুজাহিদ মিয়া ফোন রিসিভ করে দাবি করেন, “কিছুদিন আগে আমাদের গ্রামে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই হত্যাকাণ্ডে অভিযুক্তদের গরু আমার মামার বাড়িতে ছিল। তাই আমরা গরুগুলো নিয়ে এসেছি।” তবে কার গরু এবং কেন এভাবে নেওয়া হলো, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা তিনি দিতে পারেননি।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান প্রথম সিলেটকে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী বিষয়টি খতিয়ে দেখছেন।
এদিকে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নিশিকান্ত সরকার/ ডি আর ডি
মন্তব্য করুন: