টাঙ্গুয়ার হাওরে হাউসবোটের ইঞ্জিনে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে সৌমাতা সরকার নিঝুম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুর প্রায় ৩টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে।
হাউসবোটের মালিক পংকজ রায় জানান, নতুন হাউসবোটের প্রথম উদ্বোধনী ট্রিপ উপলক্ষে পরিবারের স্বজনদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যান তারা। হাওরে গোসল শেষে নিলাদ্রী লেকের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় নিঝুম তার মা ও বোনের সঙ্গে হাউসবোটের পেছন দিক থেকে সামনে আসছিল। এ সময় অসাবধানতাবশত সে হাউসবোটের ইঞ্জিনে পড়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করা হলেও শিশুটিকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ইঞ্জিনের আঘাতে তার শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নিহতের বাবা এসআই স্বপন চন্দ্র সরকার বলেন, “আমি সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মরত একজন কর্মকর্তা। আমার স্ত্রী ও দুই মেয়ে আত্মীয়ের হাউসবোটে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার আদরের মেয়ে নিঝুম দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।”
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে পুলিশের এক উপ-পরিদর্শকের মেয়ে সৌমাতা সরকার নিঝুম দুর্ঘটনায় নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং পিতার আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শামছুল আলম আখঞ্জী/এআর
মন্তব্য করুন: