তাহিরপুরে ‘মানিক’ এর কমিটি গঠন :সাজ্জাদ সভাপতি, কাওছার সম্পাদক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে ৮১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী ‘মাদক নির্মূল কমিটি’ গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলা উদ্দিনের নাতি মো. সাজ্জাদকে সভাপতি এবং ছাত্রদল নেতা আজিজুর রহমান কাওছারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার (৮ জুন) বাদাঘাট বাজারে মাদকবিরোধী এক সচেতনতামূলক আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবলে আজ যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তরুণ প্রজন্মকে এই অভিশাপ থেকে রক্ষা করতে না পারলে সমাজের ভবিষ্যৎ অন্ধকার। তাই সমাজ থেকে মাদক পুরোপুরি দূর করতে সর্বস্তরের মানুষকে নিয়ে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। এই তাড়না থেকেই বাদাঘাটের সচেতন যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে এই কমিটি গঠন করেছে।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, মাঠপর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এই কমিটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
কমিটি গঠনের আগেই অবশ্য মাঠপর্যায়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি মো. সাজ্জাদসহ অন্য সদস্যরা। ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে তারা বেশ কিছুদিন ধরেই এলাকায় মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এমনকি বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে হাতেনাতে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দও করেছেন তারা। যুবকদের এমন সাহসী ভূমিকা ইতিমধ্যে পুরো তাহিরপুর উপজেলায় বেশ প্রশংসিত ও আলোচিত হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, "আমাদের মূল লক্ষ্য একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গঠন। জনসচেতনতা বৃদ্ধি, পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বিক সমন্বয়ের মাধ্যমে আমরা বাদাঘাট তথা পুরো উপজেলা থেকে মাদকের শিকড় উপড়ে ফেলতে কাজ করে যাব।"
শামসুল আলম আখঞ্জী / ডি আর ডি
মন্তব্য করুন: