তাহিরপুরে দুই নৌকার কর্মীদের সংঘর্ষ, নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

আটক ৯

তাহিরপুরে দুই নৌকার কর্মীদের সংঘর্ষ, নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১০/০৬/২০২৬ ০০:১৪:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় একটি পর্যটকবাহী হাউসবোট ও মালবাহী নৌকার কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রক্তি নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর আমিন মিয়া (২২) নামের এক নৌকার শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


আজ মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর এলাকার রক্তি নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এর আগে ভোররাতে নৌকা রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


নিহত আমিন মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের কলাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি মালবাহী নৌকার কর্মী (স্টাফ) ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরবগামী একটি মালবাহী নৌকা ও একটি পর্যটকবাহী হাউসবোট উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর-পাতারী এলাকায় রক্তি নদীতে নোঙর করা ছিল। ভোররাতে নৌকা রাখা নিয়ে দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে মালবাহী নৌকার কর্মী আমিন মিয়া নদীতে পড়ে নিখোঁজ হন।


নিহতের বাবা কামাল হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে ঝগড়া ও হাতাহাতির পর থেকেই আমিনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে পাতারী এলাকায় নদীটিতে লাশ ভেসে ওঠে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।


এ ঘটনায় জড়িত সন্দেহে হাউসবোটের ৯ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া দুটি নৌকাই জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম প্রথম সিলেটকে বলেন, নদী থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিহতের বাবা কামাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা হওয়ার পর আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

লতিফুর রহমান রাজু/ তানজুমা তাবাসসবুম

মন্তব্য করুন: