দোয়ারায় ‘পার্টনার কংগ্রেস’এ জলবায়ু সহনশীল কৃষি ও উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বারোপ

দোয়ারায় ‘পার্টনার কংগ্রেস’এ জলবায়ু সহনশীল কৃষি ও উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১০/০৬/২০২৬ ১৫:২০:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কৃষি খাতের আধুনিকায়ন, গ্রামীণ অর্থনীতির রূপান্তর এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।


আজ বুধবার (১০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (PARTNER) প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।


কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, নতুন কৃষি উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ নাজমুল কবির বলেন, “দেশের কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই করতে হলে কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। প্রচলিত কৃষির বাইরে গিয়ে কৃষিভিত্তিক নতুন নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমেই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।”


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলম। তিনি পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য তুলে ধরে বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি, বাজারসংযোগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এই প্রকল্প মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


মূল ফোকাস: বক্তারা উৎপাদন বৃদ্ধি, পরিবেশবান্ধব ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম. এ. মোতালিব ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইউপি সদস্য এরশাদুর রহমান এরশাদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।


অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় কৃষি খাতে বিশেষ অবদান রাখা সফল কৃষক ও তরুণ উদ্যোক্তারা তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে আগামীতে দোয়ারাবাজারে কৃষি উৎপাদন কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে একটি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করা হয়।

মাসুদ রানা সোহাগ/ তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন: