ছাতকে হাসপাতাল থেকে নিখোঁজ নবজাতক, রাতেই উদ্ধার করল পুলিশ

ছাতকে হাসপাতাল থেকে নিখোঁজ নবজাতক, রাতেই উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১২/০৬/২০২৬ ১৩:৫২:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া কুড়িয়ে পাওয়া এক নবজাতক শিশুকে কয়েক ঘণ্টার মধ্যেই সুস্থ অবস্থায় উদ্ধার করেছে ছাতক থানা পুলিশ। 


বৃহস্পতিবার (১১ জুন) শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তাৎক্ষণিক অভিযান শুরু করে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে কালারুকা বাজার মসজিদ সংলগ্ন মৃত ছইদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে নবজাতক শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।


এর আগে, গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও এলাকার সড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক সপ্তাহ বয়সী শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার কোনো এক সময় শিশুটি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ছাতক থানা পুলিশকে জানায়।খবর পাওয়ার পরপরই ওসি মিজানুর রহমানের নির্দেশনায় পুলিশের টিম দ্রুত মাঠে নেমে অভিযান পরিচালনা করে এবং রাতেই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন জানান, উদ্ধার হওয়া নবজাতক বর্তমানে সুস্থ রয়েছে এবং সমাজসেবা কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।


নিখোঁজ হওয়া শিশুটিকে দ্রুত উদ্ধার করায় ছাতক থানা পুলিশের তৎপরতা ও পেশাদারিত্বের প্রশংসা করছেন স্থানীয়রা।

সুজন তালুকদার/ ডি আর ডি

মন্তব্য করুন: