উপজেলাজুড়ে সমালোচনা
দিরাইয়ে মাঠে না গিয়েই অফিসে বসে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা!
সুনামগঞ্জের দিরাই উপজেলায় সরকারি ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ উঠেছে। সম্প্রতি পৌর প্রশাসকের নির্দেশক্রমে পৌরসভার নোটিশ বোর্ডে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা টানানোর পর থেকেই পুরো উপজেলাজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত কৃষকদের সরকারি সহায়তা থেকে বঞ্চিত করে তালিকায় নাম তোলা হয়েছে অকৃষক, ধনাঢ্য ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের। অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জেরে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক তদন্ত ছাড়াই প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তালিকা থেকে বাদ দেওয়ার মতো ঘটনাও ঘটেছে, যা ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে।
পৌর শহরের কামাল মিয়া, সাহেদ মিয়া তালুকদার, নাহিদ মিয়াসহ বিভিন্ন গ্রামের কৃষকদের অভিযোগ—কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সরেজমিনে মাঠে যাননি। তারা স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগসাজশে অফিসে বসেই এই মনগড়া তালিকা প্রস্তুত করেছেন। ফলে মাঠের প্রকৃত কৃষকেরা বঞ্চিত হয়েছেন এবং নেতারা নিজেদের আত্মীয়-স্বজন ও অকৃষকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ পেয়েছেন।
ভরারগাঁও গ্রামের ভুক্তভোগী কৃষক তারেক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বন্যায়-খরায় মাঠে মরেও তালিকায় নাম তুলতে পারি না, আবেদন করেও লাভ হয় না। অথচ যারা কোনোদিন মাঠে যায়নি, তাদের নাম অনায়াসে তালিকায় চলে আসে। এটা আমাদের সাথে চরম অন্যায়।
তালিকা প্রকাশের পর দিরাই উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও ভরারগাঁও গ্রামের হাজী বাচ্চু মিয়ার দুই ভাই—সুজাত মিয়া ও আওরঙ্গজেবের নাম আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
তবে স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, হাজী বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে সুনামের সাথে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও তাঁর ভাইয়েরা দীর্ঘদিন ধরে পৃথক পরিবার হিসেবে বসবাস করছেন এবং তারা সবাই মাঠের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বশীল কর্মকর্তারা নিজেদের গাফিলতি লুকাতে এবং সমালোচনা থেকে বাঁচতে কোনো প্রকার সুষ্ঠু তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে ওই পরিবারের সদস্যদের নাম তালিকা থেকে বাদ দিয়েছেন। কোনো যাচাই-বাছাই ছাড়া এভাবে নাম বাদ দেওয়ায় প্রকৃত কৃষকদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৯নং ওয়ার্ডের ভরারগাঁও গ্রামের এমন কিছু ব্যক্তির নাম ক্ষতিগ্রস্ত তালিকায় এসেছে যারা মূলত কোনো কৃষিকাজের সাথেই জড়িত নন এবং যাদের কোনো ফসলি জমিও নেই।
সরেজমিনে ও স্থানীয়দের তথ্যে জানা যায়, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক (পিতা: হাসিদ উল্লাহ),মির্জা হোসেন (পিতা: আব্দুল গফুর), আবুল বক্কর চৌধুরী (পিতা: আবুল হোসেন), আবুল বশর চৌধুরী (পিতা: আবুল হোসেন চৌধুরী), সেলিম মিয়া (পিতা: মতি মিয়া),সুহেল মিয়া (পিতা: মতি মিয়া) তারা সবাই দলীয় প্রভাবশালী নেতা এবং তারা কেউই প্রকৃত কৃষক নন কিংবা এবার কৃষিতে কোনো ক্ষতিগ্রস্ত হননি। ফসলি জমি না থাকা সত্ত্বেও তাদের নাম তালিকায় আসায় স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে পুনরায় তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে, দিরাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী বাদল রায়ের নামে সরকারি কৃষি কার্ড থাকার বিষয়টি নিয়ে জনমনে নতুন করে প্রশ্নের সৃষ্টি হয়েছে। বাদল রায়ের বাড়ি সরর্মঙ্গল ইউনিয়নের কল্যাণী গ্রামে হলেও তিনি দিরাই বাজারের একজন প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী (স্বস্তী ভাণ্ডার)। যেখানে হাজার হাজার প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক একটি কৃষি কার্ডের জন্য বছরের পর বছর সরকারি দপ্তরে ঘুরছেন, সেখানে কৃষির সাথে দূরতম সম্পর্ক না থাকা সত্ত্বেও একজন বড় ব্যবসায়ীর নামে কীভাবে কৃষি কার্ড ইস্যু হলো, তা নিয়ে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দের দাবি, কৃষি কার্ড প্রকৃত কৃষকদের অধিকার, প্রভাবশালীদের সুবিধা পাওয়ার মাধ্যম নয়। এর পেছনে জড়িত সিন্ডিকেটের মুখোশ উন্মোচন হওয়া দরকার।
সচেতন মহলের মতে, শুধু পৌরসভাই নয়, পুরো দিরাই উপজেলাজুড়েই চলছে কৃষক তালিকায় স্বজনপ্রীতির মহোৎসব। যাদের নাম তালিকায় থাকার কথা তাদের নাম নেই, আর যারা কৃষক নন, তাদের নাম অনায়াসে যুক্ত হচ্ছে।
এ বিষয়ে জানতে দায়িত্বপ্রাপ্ত উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আজগরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে দিরাই পৌর প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ অনিয়মের বিষয়টি আংশিক স্বীকার করে বলেন, কৃষক তালিকা নিয়ে কিছু অভিযোগ আমরা ইতিমধ্যে পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভুক্তভোগী ও প্রান্তিক কৃষকদের দাবি, কোনো রাজনৈতিক চাপ বা প্রতিহিংসার বশবর্তী না হয়ে, সম্পূর্ণ নিরপেক্ষভাবে মাঠ পর্যায়ে পুনরায় তদন্ত করা হোক। অকৃষক ও প্রভাবশালীদের অনতিবিলম্বে বাদ দিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অন্তর্ভুক্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন দিরাইয়ের সর্বস্তরের কৃষক সমাজ।
প্রীতম দাস/ ডি আর ডি
মন্তব্য করুন: