​‘অপরাধী যেই হোক ছাড় নেই’

সুনামগঞ্জে মাদকবিরোধী সভায় সদর থানার ওসি

​‘অপরাধী যেই হোক ছাড় নেই’

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০৬/২০২৬ ২১:২৩:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুরে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এক বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মল্লিকপুর হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘের উদ্যোগে এবং স্থানীয় সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। 


মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার প্রত্যয় নিয়ে সভায় বক্তারা সামাজিক প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


​মল্লিকপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল মতিন-এর সভাপতিত্বে এবং হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘের সভাপতি সাব্বির আহমদ-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ (পিপিএম)।


​সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: আবুল হোসেন।


​সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ (পিপিএম) অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। মল্লিকপুর তথা সুনামগঞ্জ সদর এলাকা থেকে মাদক কারবার ও সেবন সম্পূর্ণ নির্মূল করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। তবে কেবল আইন প্রয়োগ করে এই ব্যাধি দূর করা সম্ভব নয়; এর জন্য পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে। যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হতে হবে।



​তিনি মাদকের সাথে জড়িত যেকোনো অপরাধী বা সিন্ডিকেটের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।


​প্রধান বক্তার বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: আবুল হোসেন বলেন, তরুণ প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে হলে ধর্মীয় অনুশাসন ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি পাড়ায়-মহল্লায় মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠনের ওপর জোর দেন।


​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহমদ নুর, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জন্নুর মিয়া, সাধারণ সম্পাদক মো: নুর উদ্দীন এবং মাদক বিরোধী ঐক্য পরিষদ সুনামগঞ্জের সভাপতি আবু সালে।


​সভায় মল্লিকপুর অঞ্চলের ঐতিহ্যগত সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চিত্র ফুটে ওঠে। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও যুব সমাজকে রক্ষায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন মল্লিকপুর কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সেক্রেটারি লিপন বৈদ্য এবং বিশিষ্ট সমাজসেবক সহিদুল হক সরকার।


​বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো মাদক কারবারি বা অপরাধী চক্র এলাকায় জাঁকিয়ে বসতে পারবে না। অত্র এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যুব সমাজকে ঢাল হিসেবে কাজ করতে হবে।


​সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, কিশোর গ্যাং কালচার প্রতিরোধ এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালনায় বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। এই সচেতনতামূলক কার্যক্রমে সংহতি প্রকাশ করে এলাকার ব্যবসায়ী, চাকুরিজীবী ও ছাত্রসমাজসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।


​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও যুবনেতা ফারুক মিয়া, লিয়াকত আলী, রকিব মিয়া, সৈয়দুর রহমান, মিজান মিয়া, সাজিদুর রহমান সাজিদ, ফাহিম আফজাল, জাহিদুল ইসলাম, শুভ আহমদ, আজাদ মিয়া ও জালাল মিয়াসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


​উপস্থিত তরুণ ও যুবসমাজ মল্লিকপুর এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় শপথ ব্যক্ত করার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

প্রীতম দাস/ ডি আর ডি

মন্তব্য করুন: