দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবিতে কুরশী বাজারে জনসভা

দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবিতে কুরশী বাজারে জনসভা

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৩/০৬/২০২৬ ২১:৪৪:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে সুনামগঞ্জের ছাতকে ‘দক্ষিণ ছাতক উপজেলা’ বাস্তবায়নের দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ জুন) বিকেল চারটায় স্থানীয় মোহাম্মদগঞ্জ কুরশী বাজারে সিরাজগঞ্জ বাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।


মহান জাতীয় সংসদে দক্ষিণ ছাতক উপজেলা গঠনের প্রস্তাব উত্থাপন করায় সভায় স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দীন আহমদ মিলনকে অভিনন্দন জানায় দক্ষিণ ছাতকের সর্বস্তরের জনগণ ও উপজেলা বাস্তবায়ন পরিষদ।


সিরাজগঞ্জ বাজার আঞ্চলিক কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ যুক্তরাজ্য কমিটির সভাপতি ও শিল্পপতি জামাল উদ্দীন মখদ্দুছ।


আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন মানিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, অর্থ সম্পাদক এ টি এম তারেক, যুগ্ম সম্পাদক শফিক আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুর আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন।


সভায় বক্তারা বলেন, ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত ‘দক্ষিণ ছাতক’ এলাকার মানুষের স্বতন্ত্র উপজেলার দাবিটি প্রায় ৭০ বছরের। জনসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণের স্বার্থে দক্ষিণ ছাতককে পৃথক উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা এখন সময়ের অপরিহার্য দাবি। এই দাবির পক্ষে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা সোচ্চার রয়েছেন।


বক্তারা দল-মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়িত হলে এর ভৌগোলিক অবস্থানের মধ্যবর্তী সুবিধাজনক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তাঁরা।


সভায় অন্যান্যের মধ্যে ক্বারী লায়েছ আহমদ, হেলাল মিয়া, মো. শাহজাহান, সুরুজ আলম জয়নাল, হায়দার আলী রাজু, নুরুল ইসলাম ও ডা. আফরুজ আলী বক্তব্য দেন। এ সময় মোহাম্মদগঞ্জ বাজারের ব্যবসায়ী, বৃহত্তর কুরশী গ্রামের বাসিন্দা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সুজন তালুকদার/ ডি আর ডি

মন্তব্য করুন: