সুনামগঞ্জে অতিরিক্ত টোলের অভিযোগ ভিত্তিহীন, দাবি ইজারাদারের
সুনামগঞ্জ নদীবন্দর নিয়ন্ত্রণাধীন তাহিরপুর নৌপথে অতিরিক্ত টোল আদায় ও চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সংশ্লিষ্ট ঘাটের বৈধ ইজারাদার প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২ জুলাই) দেওয়া এক বিবৃতিতে ‘তাহিয়া স্টোন ক্রাশার’-এর স্বত্বাধিকারী মো. নাছির মিয়া বলেন, ‘নৌকা মালিক সমিতি’র উত্থাপিত অভিযোগ একটি পরিকল্পিত অপপ্রচার।
বিবৃতিতে তিনি জানান, বিআইডব্লিউটিএ এবং সরকারের নির্ধারিত সব শর্ত পূরণ করেই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য বড়ছড়া ডাম্পের বাজার থেকে মহিয়াজুড়ী মৌজা হয়ে সুলেমানপুর পর্যন্ত নৌঘাটের বৈধ ইজারা নেওয়া হয়েছে। ঘাটে টোল আদায় করা হচ্ছে সম্পূর্ণ সরকারি নির্ধারিত চার্ট অনুযায়ী। নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত কোনো অর্থ নেওয়ার সুযোগ নেই এবং তা নেওয়াও হচ্ছে না বলে দাবি করেন তিনি।
নৌ-শ্রমিকদের ওপর নির্যাতন ও হয়রানির অভিযোগও অস্বীকার করেছে ইজারাদার পক্ষ। তাদের দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মনগড়া এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। ইজারাদারের কর্মচারীরা নিয়ম অনুযায়ী সরকারি টোল আদায় করতে গেলে ওই চক্রটি পরিস্থিতি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করে। নিজেদের অনিয়ম আড়াল করতে তারা মিথ্যা অভিযোগ তুলে প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করা হয়।
মো. নাছির মিয়া বলেন, নৌপথে কোনো ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য বা অবৈধ কর্মকাণ্ডকে তারা সমর্থন করেন না। ঘাটের শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারের সর্বোচ্চ রাজস্ব আদায়ে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে।
বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কেউ নৌপথের স্বাভাবিক বাণিজ্য, শান্তি ও স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ইজারাদার।
সজল আহমেদ
মন্তব্য করুন: