নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল কার মুখোমুখি?
কঠিন সমীকরণ পেরিয়ে শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এক গোল পিছিয়ে পড়েও জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সেলেসাওরা।
ম্যাচে ব্রাজিলের হয়ে জয়সূচক গোল দুটি করেন ক্যাসেমিরো ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। আগামী ৫ জুলাই রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিলের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম চমক নরওয়ে। এই ম্যাচে নরওয়েকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের বিজয়ী দলের।
অন্যদিকে, আটলান্টায় অনুষ্ঠিত আরেক ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে দারুণ প্রত্যাবর্তন করেছে ইংল্যান্ড। এক গোল পিছিয়ে থেকেও অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জয় ইংলিশদের জন্য ১৯৯০ সালের পর বিশ্বকাপে পিছিয়ে থেকে ম্যাচ জেতার প্রথম রেকর্ড। সর্বশেষ ১৯৯০ ইতালি বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে অতিরিক্ত সময়ে পিছিয়ে পড়েও জয় পেয়েছিল তারা।
এদিকে, গত ৩০ জুন ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে টুর্নামেন্টের অন্যতম আয়োজক মেক্সিকো। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও মেক্সিকো। এই দুই পরাশক্তির মধ্যে যে দল জিতবে, নরওয়েকে হারাতে পারলে শেষ আটে তারাই হবে ব্রাজিলের প্রতিপক্ষ।
তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: