দিরাইয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
শনিবার (১১ জুলাই) বিকেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনশান্তি বিনষ্টের আশঙ্কায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালে দিরাই থানায় খবর আসে যে রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, উভয় পক্ষের কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান করছে।
পরিস্থিতি যেকোনো সময় সহিংস রূপ নিতে পারে বলে আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে উভয় পক্ষের ৬ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হোসেন আহমদ (৬০), আলী আহমদ (৪৮), জাহাঙ্গীর আলম (৩০), সুমন আহমদ (৩৫), ইয়াছিন তালুকদার (৩৫) এবং আরমান হোসেন সাগর (২০)।
তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এবিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “কোনো ব্যক্তি বা পক্ষ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। সামাজিক, পারিবারিক কিংবা জমিজমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। কেউ যদি আইন অমান্য করে সংঘর্ষ বা সহিংসতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরো বলেন, “এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: