বাহরাইনে কর্মস্থলে দুর্ঘটনায় কুলাউড়ার যুবকের মৃত্যু

বাহরাইনে কর্মস্থলে দুর্ঘটনায় কুলাউড়ার যুবকের মৃত্যু

প্রথম ডেস্ক

১৪/০৭/২০২৬ ১৯:৩৪:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাহরাইনে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের জসিম মিয়া (২৭) নামের এক তরুণ প্রবাসী। মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় আনুমানিক দুপুর ১২টার দিকে বাহরাইনের একটি বহুতল ভবনে নির্মাণকাজ (ম্যানশন ওয়ার্ক) করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত জসিম মিয়া টিলাগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডরিতাজপুর গ্রামের বাসিন্দা আব্দুল গফফার সাহেবের বড় ছেলে।


পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম মিয়া বাহরাইনে একটি নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রি সংক্রান্ত কাজ করছিলেন। আজ বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে অসাবধানতাবশত বা নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


জসিম মিয়ার আকস্মিক মৃত্যুর খবর তার গ্রামের বাড়ি কুলাউড়ার ডরিতাজপুর গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের একমাত্র বড় ছেলেকে হারিয়ে বাবা আব্দুল গফফার ও মা বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।


স্থানীয় বাসিন্দারা জানান, জসিম ছিলেন অত্যন্ত নম্র ও পরিশ্রমী এক যুবক। পরিবারের সচ্ছলতা ফেরাতে তিনি বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক মুহূর্তের দুর্ঘটনায় সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।


নিহত জসিম মিয়ার শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাহরাইন দূতাবাস এবং প্রবাসী কল্যাণ বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। যাতে শেষবারের মতো প্রিয় সন্তানের মুখটি দেখে তাকে নিজ মাতৃভূমিতে দাফন করা যায়।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad