দিরাইয়ে মাদক ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার
সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের এক বিশেষ অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত (জিআর) দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন দীর্ঘ ১২ বছর আগের একটি মাদক মামলার এবং অন্যজন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একটি গুরুতর ফৌজদারি মামলার এজাহারনামীয় আসামি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় জেলাজুড়ে অপরাধ নিয়ন্ত্রণ ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে চলমান অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের প্রত্যক্ষ নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এএসআই সুব্রত পাল ও এএসআই প্রদীপ চন্দ্র বর্মনসহ পুলিশের একটি দল।
অভিযান চলাকালে দিরাই থানার ২০১৪ সালের ১৪ অক্টোবরের একটি মাদক মামলার (এফআইআর নং-১৪, জিআর নং-১৩০/১৪) পরোয়ানাভুক্ত আসামি মুকিদ মিয়াকে (৩৭) গ্রেফতার করা হয়। তিনি দিরাই উপজেলার শেরপুর গ্রামের মৃত নুর আলীর ছেলে। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারায় মামলাটি বিচারাধীন রয়েছে।
পৃথক আরেকটি অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার একটি মামলার (এফআইআর নং-১৪/৩৯৩) পরোয়ানাভুক্ত আসামি মো: শাহীন মিয়াকে (৩১) গ্রেফতার করে পুলিশ। শাহীন মিয়া উপজেলার কালাধর গ্রামের মৃত শুক্কুর উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ ধারা অনুযায়ী দাঙ্গা, মারাত্মক অস্ত্র দিয়ে জখম, হত্যার চেষ্টা ও চুরিসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানা তামিল করতে পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে দিরাই থানা পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রীতম দাস/ তাহির আহমদ
মন্তব্য করুন: