শাল্লায় মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার,পলাতকদেরও খোঁজছে পুলিশ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে শাল্লা থানা পুলিশ।
এ ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, শাল্লা থানার এফআইআর নং-১১, তারিখ ১৮ জুলাই ২০২৬, জিআর নং-৭৭, মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬, ৭ ও ৮ ধারায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি তাফাজ্জুল মিয়া (৫০), পিতা- মৃত মো. মদন মিয়া, গ্রাম- শাল্লা, থানা- শাল্লা, জেলা- সুনামগঞ্জকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ মামলার অপর দুই পলাতক আসামি মো. আকাশ মিয়া (২৭), পিতা- গুলজার মিয়া এবং গুলজার মিয়া (৫২), পিতা- মৃত মো. মদন মিয়া, উভয়েই শাল্লা উপজেলার বাসিন্দা। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ও পলাতক আসামিরা একটি সক্রিয় মানবপাচারকারী চক্রের সদস্য। বিশেষ করে মো. আকাশ মিয়া আন্তর্জাতিক মানবপাচারকারী দালাল চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা বাদী মাসুদ রানা রাকিবকে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ২২ লাখ টাকা গ্রহণ করেন। পরে তাকে লিবিয়ায় একটি মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে নির্যাতনের ভিডিও ধারণ করে তার পরিবারের কাছ থেকে আরও ১০ লাখ টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন মানবেতর জীবনযাপনের পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এবং লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ১ ডিসেম্বর ২০২৫ তারিখে ভুক্তভোগী বাংলাদেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি এ ঘটনায় শাল্লা থানায় মামলা দায়ের করেন।
শাল্লা থানা পুলিশ জানিয়েছে, মানবপাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অব্যাহত রয়েছে।
নিশিকান্ত সরকার/ ডিডি
মন্তব্য করুন: