‘আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আমাদের আটকে ফেলা যাবে না’: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, বালুর ট্রাক দিয়ে তাদের কর্মসূচি থামিয়ে রাখা সম্ভব নয়।
বুধবার (২৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, “বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না।” এদিকে, বৃষ্টির মধ্যেও হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকায় অবস্থান নিয়েছেন এনসিপির নেতাকর্মীরা।
এর আগে বুধবার বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতারা শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যান দলটির নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, ডা. মাহমুদা জাহান মিতু, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটওয়ারী এবং হাসনাত আবদুল্লাহ।
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ শেষে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ কয়েকজন আহত হন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।
ঘটনার পর এনসিপি হবিগঞ্জে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়। একই দিনে জেলা যুবদলও সমাবেশের ডাক দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: