হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসনের জারিকৃত আদেশে হবিগঞ্জ পৌর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
এতে আরও বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আর কোনো আশঙ্কা নেই।
এ প্রেক্ষাপটে জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পূর্বে জারি করা ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবগত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
রত্না বাউরী
মন্তব্য করুন: