উটাহে দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

উটাহে দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

প্রথম ডেস্ক

০৯/০৮/২০২৬ ১১:৪০:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় হেলিকপ্টারের আরও দুই ক্রু সদস্য গুরুতর আহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বন বিভাগের সঙ্গে চুক্তির আওতায় হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেসের পরিচালনায় থাকা সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ হেলিকপ্টারটি শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ডের কাছে একটি জলাধার এলাকায় বিধ্বস্ত হয়। ওই স্থানটি দাবানলের দক্ষিণ-পূর্ব প্রান্তের কাছাকাছি ছিল।

দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পর শনিবার দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি)। সংস্থাটি জানায়, দুর্ঘটনায় আরো দুই ক্রু সদস্য গুরুতর আহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

দাবানলের ভয়াবহতা এবং দুর্গম ও খাড়া ভূখণ্ডের কারণে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে শনিবার ধ্বংসস্তূপ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়।

ডেপুটি ইনসিডেন্ট কমান্ডার টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু সময়ের জন্য কার্যক্রমে ‘কৌশলগত বিরতি’ নেওয়া হয়েছিল। পরে আবার আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়।

তিনি বলেন, এই দুর্ঘটনার কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রম দীর্ঘমেয়াদে ব্যাহত হবে না। মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় আগুন নেভানোর কাজে বিমান ব্যবহার অব্যাহত থাকবে।

উটাহর গভর্নর স্পেন্সার কক্স বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণের কাজকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর অন্যতম’ উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গত ২৭ জুলাই ফিশলেক ন্যাশনাল ফরেস্টে বজ্রপাতের মাধ্যমে ‘ওয়াইডমাউথ ২’ দাবানলের সূত্রপাত হয়। এরপর আগুনটি ১ লাখ ১১ হাজার একরের বেশি বনভূমি পুড়িয়ে ফেলেছে। এর ফলে দাবানলটি চলতি বছর উটাহর সবচেয়ে বড় অগ্নিকাণ্ডে পরিণত হওয়ার পথে রয়েছে।

কর্মকর্তারা শনিবার (৮ আগস্ট) জানান, দাবানলের প্রায় ২৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের গতিপথ এখনো আশপাশের জনবসতির জন্য হুমকি হয়ে আছে।

চলতি গ্রীষ্মে উটাহতে এটি দাবানল নিয়ন্ত্রণে দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। এর আগে গত জুনে কলোরাডো সীমান্তের কাছে নোলস ও গোর দাবানল নিয়ন্ত্রণে গিয়ে তিন দমকলকর্মী নিহত হন। পরে ওই ঘটনায় আহত আরও এক দমকলকর্মীরও মৃত্যু হয়।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad