সুনামগঞ্জে ৩০০ বোতল মাদকসহ দুই নারী আটক
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকা থেকে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) মাছিমপুর বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব থানার গাছতলা গ্রামের জহির মিয়ার স্ত্রী বন্যা (৩৫) এবং মৌলভীবাজারের বাসিন্দা মৃত রহমান মিয়ার স্ত্রী আলিয়া বেগম (৪০)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সীমান্ত পিলার ১২০৮/এমপি থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাছিমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই দুই নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ পাওয়া যায়। উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। আটক নারীদের বিরুদ্ধে মামলা করে মালামালসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: