সুনামগঞ্জে ডিএনসি’র অভিযানে ৪০ কেজি গাঁজাসহ কার চালক আটক
সুনামগঞ্জের শান্তিগঞ্জে (দক্ষিণ সুনামগঞ্জ) একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ জাবেদ আহমদ (৩০) নামের এক চালককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের টের পেয়ে সটে পড়ে তার সঙ্গে থাকা অন্য দুই সহযোগী। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতার ও পলাতক আসামিরা সকলেই একই পরিবারের সদস্য এবং সংঘবদ্ধ আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় চালিকাশক্তি।
রোববার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন সদরপুর ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে প্রাইভেট কারসহ এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের 'খ' সার্কেলের পরিদর্শক ও উপ-পরিদর্শকের যৌথ নির্দেশনায় একটি বিশেষ রেইডিং টিম গঠন করা হয়। সকালে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি কালো রঙের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-১৩-০৬১৪) তল্লাশি চালায় দলটির সদস্যরা। গাড়িটির ব্যাক ডালা খুলতেই বিশেষ কায়দায় গচ্ছিত মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজা, প্রাইভেট কার এবং একটি অ্যান্ড্রয়েড ফোনসহ উদ্ধার হওয়া আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।
ঘটনায় গ্রেফতারকৃত জাবেদ আহমদ উপজেলার জামলাবাজ গ্রামের আব্দুল কাদিরের ছেলে। এ সময় পালিয়ে যাওয়া অপর দুই আসামী হলেন জাবেদের চাচা গুলজার মিয়া (৪০) এবং তার দাদা মোঃ সিরাজ মিয়া (৬৬)। জানা গেছে, দাদা সিরাজ মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বেও দক্ষিণ সুনামগঞ্জ থানায় অন্তত তিনটি মাদক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: আবুল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আসামিরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত ও রুট পরিবর্তন করে মাদকের চালান সরবরাহ করে আসছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই চক্রটিতে একই পরিবারের একাধিক প্রজন্ম জড়িত।
তিনি আরও যোগ করেন, মাদকের শিকড় উপড়ে ফেলতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রীতম / আর আর
মন্তব্য করুন: