জগন্নাথপুরে শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুরে শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৩/০৮/২০২৬ ২০:৫৭:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনসাধারণের চরম দুর্ভোগের প্রতিবাদে এবং দ্রুত মেরামতের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে ‘দক্ষিণ জগন্নাথপুর গণদাবী পরিষদ’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এদিন দুপুর ১২টায় শিবগঞ্জ বাজার এলাকা থেকে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর পৌরসভার সামনে এসে জমায়েত হয় এবং সেখানে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জগন্নাথপুর গণদাবী পরিষদের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মাসুম আহমদের সভাপতিত্বে এবং হাফিজ আখতারুজ্জামান রিয়াদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— মাওলানা দরছ উদ্দিন, শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. আব্দুল বাছিত সুমন, কুবাজপুর হযরত ফাতিমা (রা.) একাডেমির পরিচালক হাফিজ আবু তাহের, কুবাজপুর গ্রামের সালিশি ব্যক্তি মো. জেবুল মিয়া, ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন, সহকারী শিক্ষক মো. জিকরুল আলম, মো. মিলন মিয়া, ইছগাঁও মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান, ডাক্তার ফরহাদ মিয়া, কুবাজপুর দক্ষিণ পাড়া দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান, মো. সুহেল আহমদ, মো. খলিল চৌধুরী ও মো. রিয়াজ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলার এই গুরুত্বপূর্ণ সড়কটি বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরা এই সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিন শিক্ষার্থী, রোগীসহ হাজার হাজার মানুষ সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল মেলেনি।

বক্তারা অবিলম্বে জগন্নাথপুর-বেগমপুর সড়কটি সংস্কার করে এলাকার মানুষের চলাচলের পথ সুগম করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদের প্রতি জোর দাবি জানান।

উক্ত কর্মসূচিতে কাতিয়া, পাইলগাঁও, কুবাজপুর, রমাপতিপুর, দোস্তপুর, ইছগাঁও, ঘোষগাঁও ও টিয়ারগাঁওসহ আশপাশের শতাধিক গ্রামের সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

লতিফুর রহমান রাজু / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad