না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

প্রথম ডেস্ক

২৯/০৯/২০২৬ ১১:১২:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মাঠে নামার প্রয়োজনই হলো না। বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে সরাসরি জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী ১ অক্টোবর প্রথম সেমিফাইনালে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচ শুরুর সূচি থাকলেও টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান মালয়েশিয়ার চেয়ে ভালো হওয়ায় সরাসরি সেমিফাইনালের টিকিট পেয়ে যায় বাংলাদেশ। ফলে কোয়ার্টার ফাইনালে মাঠে না নেমেই পরের ধাপে চলে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গেমস কর্তৃপক্ষ তাদের ম্যাচ না হওয়ার কথা জানিয়ে দেয়। বৃষ্টির কারণে খেলা সম্ভব না হওয়ায় বাংলাদেশ দলকে আর স্টেডিয়ামে যেতে হয়নি।

চলতি এশিয়ান গেমসে বৃষ্টির কারণে ম্যাচ বাতিলের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও টুর্নামেন্টের প্রথম দুই কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। এমনকি গত সোমবার সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিও বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়।

এবার সেমিফাইনালেও বাংলাদেশের সামনে রয়েছে আবহাওয়ার অনিশ্চয়তা। আগামী ১ অক্টোবর প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে সেমিফাইনাল ম্যাচও অনুষ্ঠিত না হলে র‍্যাঙ্কিংয়ের সুবিধা পাবে পাকিস্তান।

সে ক্ষেত্রে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তান সরাসরি ফাইনালে চলে যাবে। আর বাংলাদেশকে তখন ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গিয়ে ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলতে হবে।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad