মৌলভীবাজারের সিভিল সার্জনকে ওএসডি, নতুন দায়িত্বে ডা. জাকির হোসেন
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেনকে মৌলভীবাজারের সিভিল সার্জন হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ওএসডি করা ডা. মো. মামুনুর রহমানকে ঢাকার মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যথায় ১ অক্টোবর ২০২৬ তারিখে তাঁরা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন। জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
এর আগে রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় সরকারি স্পর্শকাতর ও নীতি-নির্ধারণী মিটিং এড়িয়ে চলার অভিযোগ ওঠে তৎকালীন সিভিল সার্জনের বিরুদ্ধে। তৎকালীন ওই সভায় বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে দ্রুততম সময়ে এই বদলির আদেশ জারি করা হয়।
তাহির আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: