সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের সাথে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট চেম্বার কার্যালয়ে সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে নিয়ে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চেম্বারের নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।
শুভেচ্ছা জ্ঞাপনকালে ব্যবসায়ী নেতারা সিলেটের ব্যবসায়ী সমাজের সার্বিক দিক তুলে ধরে বলেন, প্রায় আড়াই বছর ধরে সিলেটের ব্যবসায়ীদের এই বৃহৎ প্ল্যাটফর্মে কোনো অভিভাবক ছিল না। এমন একটি শূন্যতা ও অনিশ্চয়তার মধ্যে এজাজ আহমদ চৌধুরীর নিয়োগ ব্যবসায়ী সমাজে নতুন আশার সঞ্চার করেছে।
তারা আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে এখন প্রশাসকের নিরপেক্ষ ও গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ প্রয়োজন। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সিলেটের ব্যবসায়ীরা যেন তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন, সে পরিবেশ তৈরিতে তিনি ভূমিকা রাখবেন বলে ব্যবসায়ী সমাজ আশাবাদ ব্যক্ত করে।
জবাবে চেম্বারের নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরী জানান, ব্যবসায়ীদের আস্থা রক্ষা ও চেম্বারের ঐতিহ্য ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য। তিনি একটি অবাধ, সুন্দর ও গণতান্ত্রিক পরিবেশে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ বিষয়ে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, আব্দুর রহমান দাদু, আবুল কালাম, রাসেল আহমেদ, হাসান কবির চৌধুরী, ফুয়াদ বিন রশিদ, মো. সাবুল মিয়া, খন্দকার কাওছার আহমেদ রবি, সিলেট চেম্বারের সাবেক পরিচালক মো. সাহিদুল হক সোহেল, তাহমিদুল হাসান জাবেদ ও মো. শফিকুল ইসলাম সফিকসহ আরও অনেকে।
হাসান কবির চৌধুরী/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: