সিলেটে হামে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১

সিলেটে হামে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১

প্রথম সিলেট প্রতিবেদন

২৯/০৯/২০২৬ ১২:৩৫:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে হামের পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে সন্দেহজনক হামে আক্রান্ত ২০১ জন ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন রয়েছেন। এছাড়া কোম্পানীগঞ্জে দুজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৮ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬২৩ সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৭ এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৯ জন ভর্তি রয়েছেন। রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫, নর্থ ইস্ট হাসপাতালে তিন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে আটজন চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়, বিশ্বনাথে তিন, বিয়ানীবাজারে পাঁচ, গোলাপগঞ্জে নয় ও ফেঞ্চুগঞ্জে পাঁচ সন্দেহজনক হামের রোগী ভর্তি রয়েছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪৬ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৯৬, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জে নিশ্চিত আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।

মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক চিত্র দেখা গেছে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হামে সিলেটে ৬৯, হবিগঞ্জে ২২, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে এক ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে সিলেট জেলায় ৭৩, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ১৮০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত রোগী শনাক্ত না হলেও বিপুলসংখ্যক সন্দেহজনক রোগীর হাসপাতালে ভর্তি এবং একজনের মৃত্যুতে সিলেট বিভাগের হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। এখনো বিভিন্ন হাসপাতালে ছয় শতাধিক সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad