বিচার দাবিতে সংবাদ সম্মেলন
মৌলভীবাজারে স্ত্রী ও মেয়েকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
মৌলভীবাজার সদর উপজেলায় এক গৃহবধূ ও তার কিশোরী মেয়েকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী নাসিমা বেগম।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেঁদে ফেলেন ৫০ বছর বয়সী নাসিমা বেগম।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, স্বামী শাহানুর মিয়া ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। এরই জের ধরে সম্প্রতি কোনো ধরনের আইনি বা সামাজিক বিচার মান্য না করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে এবং তার কিশোরী মেয়েকে বাড়ির উঠানে গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্মমভাবে মারধর করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনা চলাকালে আশপাশের মানুষ এগিয়ে আসার চেষ্টা করলেও অভিযুক্তদের হুমকিতে তারা বাধা দিতে পারেননি। পরবর্তীতে এই নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী নাসিমা বেগমকে 'মানসিক ভারসাম্যহীন' সাজানোর অপচেষ্টা চালানো হয় বলে দাবি করেন তিনি।
নাসিমা বেগম আরও জানান, ঘটনার পর থেকে মামলা না করার জন্য তাকে ও তার পরিবারকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে বর্তমানে তিনি ও তার মেয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলন থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক স্বামী শাহানুর মিয়াসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সাথে ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: