জকিগঞ্জে ডাকাতিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
সিলেটের জকিগঞ্জে চাঞ্চল্যকর উত্তরকুল ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম আলী হোসেন (৪০)। তিনি জকিগঞ্জ উপজেলার হাড়িকান্দি (আটগ্রাম) গ্রামের সবু মিয়া ওরফে সাবু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার ও চোরাচালান রোধে জেলা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) এবং জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) প্রত্যক্ষ দিকনির্দেশনায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানটি জকিগঞ্জ থানাধীন ৩ নম্বর কাজলসার ইউনিয়নের গোটারগ্রাম এলাকায় আসামির শ্বশুরবাড়িতে পরিচালিত হয়। সেখান থেকেই উত্তরকুল ডাকাতি মামলার এজাহারনামীয় ও একাধিক মামলার আসামি ডাকাত আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জকিগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। আজ তাকে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মোর্শেদ লস্কর / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: