ছাতকে অটোরিকশা দাঁড় করানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক
Led Bottom Ad

সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

ছাতকে অটোরিকশা দাঁড় করানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিনিধি. ছাতক

৩০/১২/২০২৫ ১৫:৩৬:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় রাস্তার পাশে অটোরিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, লাফার্জ–হোলসিম সিমেন্ট কোম্পানির সামনের সড়কে মেরামত কাজ চলাকালে শনিবার বিকেলে ঠেংগারগাও গ্রামের অটোরিকশাচালক উজ্জ্বল মিয়া বিপজ্জনকভাবে রাস্তার পাশে তার গাড়ি দাঁড় করিয়ে রাখেন। এ সময় রাস্তা মেরামতের কাজে নিয়োজিত নোয়ারাই গ্রামের ফরহাদ, সাজ্জাদ ও বাদশা মিয়ার সঙ্গে উজ্জ্বল মিয়ার কথা কাটাকাটি হয়।

কিছুক্ষণ পর উজ্জ্বল মিয়া তার সহযোগীদের নিয়ে ফরহাদ, সাজ্জাদ ও বাদশা মিয়ার ওপর আকস্মিক হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। এ ঘটনার জের ধরে সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নোয়ারাই ও ঠেংগারগাও গ্রামের বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। সংঘর্ষে গুরুতর আহত ইমন (২৬), মরম আলী (৬২), আবুল হোসেন (২৭), ওলি আহমেদ (২৬), সায়মন (২২) ও ইউসুফ (১৮)-কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad