অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা,তাহিরপুরে তিনজন আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গত ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)–এর অধীন টেকেরঘাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৯/২-এস–এর কাছাকাছি বড়ছড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে অবস্থান করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জিগরওলা গ্রামের মিঠুন সরকার (২৬), জুটন সরকার (২৪) ও শায়িন্তি নমদাস (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পেরেছে, কাজের উদ্দেশ্যে ভারতের শিলং শহরে যাওয়ার জন্য তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ কাজে তাদের সহযোগিতা করেন তাহিরপুর উপজেলার বড়ছড়া এলাকার বাসিন্দা তমাল দাস (৪৫)।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, আটক ব্যক্তিদের তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অনুপ্রবেশে সহযোগিতার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: