টেকনিক্যালি মেসি-রোনালদোর চেয়েও সেরা নেইমার: কাফু
Led Bottom Ad

টেকনিক্যালি মেসি-রোনালদোর চেয়েও সেরা নেইমার: কাফু

প্রথম ডেস্ক

০৫/০৫/২০২৬ ১৮:১৬:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বারবার চোট আর ফর্মহীনতায় ক্যারিয়ার থমকে গেলেও উত্তরসূরি নেইমারের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু। ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়কের মতে, শারীরিক ও মানসিকভাবে ফিট থাকলে নেইমার এখনো ব্রাজিলের হয়ে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। এমনকি টেকনিক্যাল সামর্থ্যের বিচারে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও নেইমারকে এগিয়ে রেখেছেন তিনি।

সম্প্রতি ‘দ্য টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে কাফু বলেন, "আমার কাছে টেকনিক্যালি নেইমার রোনালদো ও মেসির চেয়েও ভালো ছিল। তার ক্যারিয়ার দুর্দান্ত।" একসময় মেসি-রোনালদো যুগের যোগ্য উত্তরসূরি ভাবা হলেও ব্যালন ডি’অর জেতা হয়নি নেইমারের। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ছন্দে ফেরার লড়াই চালাচ্ছেন। সামনে ২০২৬ বিশ্বকাপ, আর ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় জায়গা পেতে হলে নেইমারকে প্রমাণ করতে হবে নিজের ফিটনেস।

নেইমারের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কাফু আরও বলেন, "নেইমারের মতো খেলোয়াড় যদি দলে থাকে, তবে অবশ্যই তাকে নিতে হবে। সে যদি শারীরিকভাবে ফিট এবং ট্যাকটিক্যালি প্রস্তুত থাকে, তবে সে ম্যাচের সিদ্ধান্ত বদলে দিতে পারে।" তবে বিষয়টি শেষ পর্যন্ত কোচ আনচেলত্তি এবং নেইমারের ওপরই নির্ভর করছে বলে মনে করেন তিনি।

ব্রাজিল জাতীয় দলের প্রথম বিদেশি কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নিয়োগ নিয়ে ফুটবল মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কাফু এতে ইতিবাচক। তিনি বলেন, "আনচেলত্তি সবচেয়ে 'ব্রাজিলিয়ান' ইতালিয়ান কোচ, কারণ তিনি অনেক ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে কাজ করেছেন। তিনি ইতালিয়ান রক্ষণ আর ব্রাজিলিয়ান আক্রমণকে মিলিয়ে দারুণ কিছু করতে পারেন।"

সাক্ষাৎকারে ২০০২ বিশ্বকাপ জয়ের আগের রাতের এক মজার স্মৃতিও শেয়ার করেন কাফু। তিনি জানান, জার্মানির বিপক্ষে ফাইনালের আগের রাতে টেনশন কাটাতে হোটেলের করিডরে রোনালদিনহোর রুমে প্লাস্টিকের কাপ দিয়ে গলফ খেলেছিলেন তিনিসহ রোনালদো, রবার্তো কার্লোস ও লুসিওরা। সেই নির্ভার পরিবেশই তাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল। ২০০২ সালের পর আর বিশ্বকাপ না জেতা সেলেসাওরা এবার আনচেলত্তি ও সম্ভবত নেইমারকে সঙ্গী করে ষষ্ঠ শিরোপার খোঁজে নামবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad