দোয়ারাবাজারে প্ল্যান ইন্টারন্যাশনাল ও এফআইভিডিবি’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এফআইভিডিবি’র যৌথ আয়োজনে ‘স্পন্সরশিপ ফান্ডেড প্রোগ্রাম’-এর এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ। সভায় এফআইভিডিবি’র চলমান কার্যক্রম এবং নতুন এই কর্মসূচির লক্ষ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি স্পন্সরশিপ ম্যানেজার নোভা শামস এবং ফেইজ ইন ম্যানেজার জিয়াউর রহমান। এফআইভিডিবি’র প্রাথমিক শিক্ষা প্রোগ্রামের পরিচালক ও ফোকাল পারসন শিরিন আক্তারের সভাপতিত্বে সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে এই প্রোগ্রামের সম্ভাব্য ইতিবাচক প্রভাব নিয়ে আলোকপাত করেন। বিশেষ অতিথির বক্তব্যে নোভা শামস জানান, এই কর্মসূচির আওতায় শিশুদের সঠিক বিকাশ নিশ্চিত করতে শিশু শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং বাল্যবিবাহ রোধে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন, শিশু ও যুব উন্নয়নসহ স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় অন্যদের মধ্যে এফআইভিডিবি’র প্রোগ্রাম ম্যানেজার, মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার, অ্যাডমিন ও ফিন্যান্স অফিসারসহ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।
এ রহমান
মন্তব্য করুন: