বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসল জয়
Led Bottom Ad

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসল জয়

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০৫/২০২৬ ২০:২৯:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিজের বাবার মরদেহ বাড়িতে রেখে চোখের জলে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সাইফ হোসেন জয় (১৬) নামের এক পরীক্ষার্থী। সোমবার সকালে শোকাতুর জয় উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ‘ভূগোল ও পরিবেশ’ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। সাইফ হোসেন উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী এবং সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা মরহুম আবদুল বাসেত বকুলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জয়ের বাবা আবদুল বাসেত বকুল (৫৪) স্থানীয় মাটিকাটা পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার ভোররাত পাঁচটার দিকে তাঁর মরদেহ ঢাকা থেকে নিজ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাবার নিথর দেহ বাড়িতে রেখে পরিবারের সবার অনুরোধ ও ভবিষ্যতের কথা চিন্তা করে জয় কাঁদতে কাঁদতে পরীক্ষাকেন্দ্রে যায়।

বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব নজরুল ইসলাম জানান, মা হারানো জয়ের জন্য পরীক্ষা দেওয়াটা ছিল অত্যন্ত কষ্টের। পরীক্ষাকক্ষে বসে সে অধিকাংশ সময় কেঁদেছে, তবে শিক্ষকরা তাকে সাহস জোগানোর চেষ্টা করেছেন। পরীক্ষা শেষে কান্নাজড়িত কণ্ঠে জয় বলে, "পরীক্ষার হলে বারবার আমার আব্বার চেহারাটা চোখের সামনে ভেসে উঠছিল, ঠিকমতো লিখতে পারিনি।"

সোমবার বেলা ২টা ২০ মিনিটে জানাজা শেষে আবদুল বাসেত বকুলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad