তাহিরপুরের চার নদীতে কাল থেকে অনিনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট শুরু

তাহিরপুরের চার নদীতে কাল থেকে অনিনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট শুরু

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৭/০৭/২০২৬ ২০:৪৩:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই, যাদুকাটা, সুরমা ও লালপুর নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং টুল ট্যাক্সের নামে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন করেছেন নৌযান শ্রমিক ও মালিকরা। একই সঙ্গে আগামী ২৮ জুলাই ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারের পূর্ব পাশে পাটলাই নদীর তীরে বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি নং-২১১২) এর অন্তর্ভুক্ত বাংলাদেশ কার্গো ট্রলার ও বাল্কহেড শ্রমিক ইউনিয়ন, তাহিরপুর উপজেলা শাখা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি খলিল মিয়া, সহ-সভাপতি রতন সরকার , সাধারণ সম্পাদক জামাল মিয়া এবং সদস্য শেখ মোস্তফা আহমদ।

বক্তারা অভিযোগ করে বলেন, পাটলাই, যাদুকাটা, সুরমা ও লালপুর নদীপথে বিআইডব্লিউটিএ এবং টুল টেক্সের নামে দীর্ঘদিন ধরে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর সমাধান হয়নি।

তারা আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল প্রতি টনে ৩৪ টাকা ৫০ পয়সা হারে টোল দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই অনুযায়ী প্রায় ১৫ দিন টোল পরিশোধ করা হলেও পরে ধাপে ধাপে টোলের পরিমাণ বাড়িয়ে ৩৫, ৪০, ৫০ এবং ৭০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এ বিষয়ে ইজারাদার নাসির মিয়ার সঙ্গে কথা বললে তিনি সংসদ সদস্যের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানান বলেও অভিযোগ করেন বক্তারা।

বক্তারা বলেন, আমরা নৌযান শ্রমিক ও মালিকরা আর হয়রানি মেনে নেব না। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে। আগামী ২৮ জুলাই ভোর থেকে পাটলাই, যাদুকাটা, সুরমা ও লালপুর নদীপথে কার্গো ট্রলার ও বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

মানববন্ধনে নৌযান শ্রমিক, মালিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

এ বিষয়ে বক্তব্য জানতে পাটলাই নদীর বিআইডব্লিউটিএর ইজারাদার নাসির মিয়ার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।


শামসুল আলম আখঞ্জী / মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad