দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া, বাংলাদেশ ম্যাচের আগে ইনজুরিতে তারকা ব্যাটার
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জশ ইংলিসের চোট। প্রস্তুতি ক্যাম্প চলাকালে পিঠে অস্বস্তি অনুভব করায় প্রথম টেস্টে এই উইকেটকিপার-ব্যাটারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ব্রিসবেনে সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচে অংশ নেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ম্যাচ চলাকালে একটি শট খেলার পরই পিঠে ব্যথা অনুভব করেন ইংলিস। পরে পেশিতে খিঁচুনি দেখা দিলে মাঠ ছেড়ে যেতে হয় তাকে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোডস্পোর্টস জানিয়েছে, চোটটি গুরুতর নয় বলে প্রাথমিকভাবে মনে করা হলেও ইংলিসের আগেও পিঠে চোটের ইতিহাস থাকায় চিকিৎসক ও টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চাইছে না। সে কারণে আগামী সপ্তাহে ডারউইনে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টে তার মাঠে নামার সম্ভাবনা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে দলের পরিকল্পনায় ইংলিস এখনো গুরুত্বপূর্ণ অংশ। ধারণা করা হচ্ছে, তাকে পুরোপুরি সুস্থ করে সিরিজের দ্বিতীয় টেস্টে ফেরানোর চেষ্টা করা হবে।
গত এপ্রিলেও আইপিএলে ফিল্ডিং করার সময় হাতে আঙুলে চোট পেয়েছিলেন ইংলিস। পরে সেই চোট কাটিয়ে আবার মাঠে ফেরেন। একই সময়ে মিচেল মার্শের অনুপস্থিতিতে পাকিস্তান ও বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্বও দেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে স্পিননির্ভর কন্ডিশনে ইংলিসের ব্যাটিংকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। স্পিন মোকাবিলায় তার দক্ষতার কারণে প্রথম টেস্টে তাকে না পাওয়া অস্ট্রেলিয়ার পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।
যদিও ইংলিসের চোট নিয়ে এখনো ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবু দলে বিকল্পের অভাব নেই। উইকেটকিপার হিসেবে অ্যালেক্স ক্যারি প্রস্তুত রয়েছেন। ব্যাটিং বিভাগে স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন ও জ্যাক ওয়েদারাল্ডের পাশাপাশি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং বিউ ওয়েবস্টারও রয়েছেন অস্ট্রেলিয়ার স্কোয়াডে।
বাংলাদেশ সিরিজকে সামনে রেখে দুই দলই যখন নিজেদের সেরা সমন্বয় নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন চোট-সমস্যা উভয় শিবিরের জন্যই নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।
রত্না বাউরী
মন্তব্য করুন: