৩ লাখের রোহিঙ্গাকে ফেরত নিচ্ছে মিয়ানমার

৩ লাখের রোহিঙ্গাকে ফেরত নিচ্ছে মিয়ানমার

প্রথম ডেস্ক

১৫/০৮/২০২৬ ১৭:০৭:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত নেওয়ার কথা জানিয়েছে দেশটির সামরিক সরকার। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই হওয়া এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে শরণার্থী শিবিরে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গা পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের প্রত্যাবাসন করা হবে।

রোহিঙ্গা শরণার্থী সংকটের নবম বছর চলছে। ২০১৭ সালের আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী ব্যাপক অভিযান শুরু করে। ওই অভিযানের পর ৭ লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন দফায় সহিংসতার কারণে আরো কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে বসবাস করছিলেন।

মিয়ানমারের ওই সামরিক অভিযানের ব্যাপকতা, পরিকল্পনা ও সহিংসতার কারণে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘসহ বিভিন্ন পক্ষ দেশটির বিরুদ্ধে জাতিগত নিধন ও গণহত্যার অভিযোগ তোলে।

মিয়ানমার রোহিঙ্গাদের দেশটির স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর কোনো একটি হিসেবে স্বীকৃতি দেয় না। বরং তাদের ‘বাঙালি’ বলে উল্লেখ করে দেশটি। এর মাধ্যমে মিয়ানমার দাবি করে, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে গিয়ে সেখানে অবৈধভাবে বসবাস করছে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ যে তালিকা দিয়েছে, তাতে মোট ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তথ্য রয়েছে। এর মধ্যে জুলাইয়ের শেষ পর্যন্ত ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য যাচাই করেছে মিয়ানমার।

যাচাই করা ব্যক্তিদের মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফেরত নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad