‘এটি যেকোনো ফরম্যাটে বাংলাদেশের সেরা জয়’: শান্ত

অজিদের মাটিতে ইতিহাস

‘এটি যেকোনো ফরম্যাটে বাংলাদেশের সেরা জয়’: শান্ত

প্রথম ডেস্ক

১৬/০৮/২০২৬ ১৩:৫৬:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই জয়কে ‘যেকোনো ফরম্যাটে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়’ হিসেবে অভিহিত করেছেন।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশ বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই দাপট দেখিয়েছে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে পূর্ণশক্তির অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে টাইগাররা।

অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের মাত্র তৃতীয় টেস্ট। আর এই ম্যাচেই এসেছে স্বাগতিকদের বিপক্ষে প্রথম জয়। শুধু টেস্ট র‍্যাঙ্কিং নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন দাপুটে জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাসের বার্তা দিয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘এটি যেকোনো ফরম্যাটে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়। সামনে আমরা আরও বিশেষ কিছু করার চেষ্টা করব। নিজেকে এবং দলের ছেলেদের নিয়ে আমি খুবই খুশি ও গর্বিত। আমরা অনেক পরিশ্রম করেছি এবং জয় পেয়ে দারুণ লাগছে।’

বিশেষ করে বাংলাদেশের পেসারদের প্রশংসা করেছেন শান্ত। প্রথম ইনিংসে পেসাররাই ১০টি উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ১৯৮ রানে অলআউট করে দেন। হাসান মাহমুদ ৬ উইকেট শিকার করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেটের সুবাদে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ফলে জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য পায় তারা।

শান্ত বলেন, ‘বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় পরিবর্তন হলো পেস বোলারদের উত্থান। পাঁচ-ছয় বছর আগে সাধারণত পেসাররা টেস্ট খেলতে চাইত না, কারণ আমরা পর্যাপ্ত টেস্ট খেলতাম না। কিন্তু গত দুই-তিন বছরে আমরা অনেক টেস্ট খেলছি এবং ছেলেরা টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তারা এখন খেলতে চায়, পারফর্ম করতে চায়, কারণ তারা বিশ্বমানের হতে চায়। এখন তাদের মানসিকতাই এমন। বিশেষ করে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো সিনিয়র খেলোয়াড়েরা তাদের অনেক উৎসাহ দিয়েছেন এবং বেশি করে টেস্ট ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করেছেন। মানসিকতার এই পরিবর্তনগুলোই গুরুত্বপূর্ণ।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওপেনার তানজিদ হাসান। প্রথম ইনিংসে ১০১ রানের দুর্দান্ত সেঞ্চুরি করে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি। তার ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ ৪২৬ রান সংগ্রহ করে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের বিশাল লিড নেয়।

মাত্র ২৫ বছর বয়সী তানজিদের এটি ছিল ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট। চলতি বছর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। তানজিদের প্রশংসা করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, সাদা বলের ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত হলেও এই টেস্টে তানজিদ দারুণ সংযম দেখিয়েছেন। বলের মেরিট বুঝে খেলেছেন এবং দলের জন্য কার্যকর অবদান রেখেছেন।

শান্তর মতে, টপ অর্ডারের একজন ব্যাটারের কাছ থেকে দল যে ধরনের প্রভাবশালী পারফরম্যান্স চায়, তানজিদ এই ম্যাচে সেটিই করে দেখিয়েছেন। তার সামর্থ্য নিয়ে দলের কোনো সন্দেহ নেই বলেও জানান অধিনায়ক।

সিরিজের দ্বিতীয় টেস্টটি ম্যাকেতে অনুষ্ঠিত হবে। সেই টেস্ট জিতে সিরিজ ২-০ করতে পারবে কিনা, এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমাদের সেই প্রমাণ আছে। তবে ভালো ক্রিকেট খেলতে হবে। এই টেস্টের আগে যেমন বলেছিলাম, পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে হবে। এবারও একই কথা বলছি। এই টেস্টে আমরা যেভাবে খেলেছি, সেই প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেশন ধরে ধরে খেলতে হবে। বোলাররা নিজেদের কাজ করেছে, ব্যাটাররাও অবদান রেখেছে। বিশেষ করে লোয়ার মিডল অর্ডার ও লোয়ার অর্ডার যেভাবে রান যোগ করেছে, সেগুলোই ম্যাকেতেও আমাদের করতে হবে।’


নীরব চাকলাদার/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad