সুনামগঞ্জে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময়
আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়ে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিনিরাপত্তা নিশ্চিত, বিদ্যুৎ ও আলোকসজ্জার নিরাপত্তা পরীক্ষা, জরুরি যোগাযোগ ব্যবস্থা প্রস্তুত রাখা এবং স্বেচ্ছাসেবক টিম গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১ টায় শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশ। শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার বাপ্পী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনি কাঞ্চন দাস ও সুনামগঞ্জ পৌরসভার শাখার সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাশ।
সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বক্তব্য দেন আসাউড়া পূজামণ্ডপের সাধারণ সম্পাদক কর্ণ বাবু দাশ, রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপের সাধারণ সম্পাদক মুক্তিপদ রায় বাবু, কেজাউড়া পূজামণ্ডপের সভাপতি সুকুমার দাশ, মল্লিকপুর পূজামণ্ডপের সাধারণ সম্পাদক লিপন বৈদ্য বাবু, সুনামগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তু রায়, তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক গণেশ তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার এবং ছাতক পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারীসহ অনেকে।
জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য দেন, সিনিয়র সহসভাপতি চঞ্চল কুমার লৌহ ও দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তারুকদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অঞ্জন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, অমর চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদিকা রুপালী সোম পম্পা সহ অন্যরা। উপদেষ্টা মণ্ডলীর সদস্য যোগেশ্বর দাশ, সুকেন্দু সেন হারু ও অ্যাডভোকেট বিমান কান্তি রায় বক্তব্য দেন।
এ ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কলি তালুকদার আরতি ও সদস্য সচিব বিমল বণিকও বক্তব্য রাখেন।
সভায় বলা হয়, প্রতিটি পূজামণ্ডপে বৈদ্যুতিক সংযোগ, আলোকসজ্জা, প্রবেশ ও বের হওয়ার পথ এবং অগ্নিনিরাপত্তা আগে থেকেই পরীক্ষা করতে হবে। বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে জেনারেটর ও ব্যাকআপ লাইটের ব্যবস্থা রাখতে হবে। মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবক টিম গঠন করে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের নিরাপত্তা ও সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। কোনো ধরনের হয়রানি, অশোভন আচরণ বা বিশৃঙ্খলার সুযোগ না দেওয়ার পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।
বক্তারা বলেন, কোনো গুজবে কান দেওয়া বা গুজব ছড়ানো যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সন্দেহ বা সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উৎসব সম্পন্ন করতে হবে।
সভায় আরও বলা হয়, দুর্গোৎসবকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি নিরাপত্তা, শৃঙ্খলা, পরিবেশ সচেতনতা ও পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে।
সভায় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে গুজব প্রতিরোধ, নারী-শিশুর নিরাপত্তা, পরিবেশ রক্ষা, স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রীতম দাস/ রত্না বাউরি/প্রসি-২৬
মন্তব্য করুন: