জকিগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, বাধা দেওয়ায় আহত ব্যবসায়ী
সিলেটের জকিগঞ্জে গভীর রাতে তালা কেটে এক ব্যবসায়ীর বসতবাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। ডাকাতদের হামলায় গৃহকর্তা গুরুতর আহত হয়েছেন। লুটে নেওয়া হয়েছে কয়েক ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল ফোন ও সিসিটিভির মনিটরসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল কামারগ্রাম এলাকার বাসিন্দা মাস্টার জামাল আহমদ ও জকিগঞ্জ পৌরসভার রাজমহলের মালিক শামীম আহমদের যৌথ বাসভবনে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, রাতের আঁধারে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল বসতঘরের কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি ও হাত-পা বেঁধে ফেলে তছনছ করে তল্লাশি চালায়। এসময় ৪ থেকে ৫ ভরি মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকাপয়সা, চারটি স্মার্টফোন এবং অপরাধ ঢাকতে সিসিটিভি ক্যামেরার মনিটর ও সরঞ্জাম খুলে নিয়ে যায়।
ডাকাতিতে বাধা দিতে গেলে ডাকাত দল ব্যবসায়ী শামীম আহমদকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। একই সাথে তাঁর বড় ভাই শিক্ষক জামাল আহমদকেও বেধড়ক মারধর করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত শামীম আহমদকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়েই জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভুক্তভোগী পরিবারের কাছ থেকে আলামত সংগ্রহ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ধর্ষ এই ডাকাতির সাথে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক তদন্তকারী টিম ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: