মৌলভীবাজার ১০০ শয্যা হাসপাতালে নারী চোর চক্রের ৫ সদস্য আটক
২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের লক্ষ্য করে সক্রিয় থাকা একটি সংঘবদ্ধ নারী চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বহির্বিভাগে রোগীদের ভিড়ের সুযোগ নিয়ে চুরির চেষ্টাকালে স্থানীয় ও ভুক্তভোগীদের সহায়তায় তাদের হাতেনাতে ধরা হয়।
আটককৃত নারীরা হলেন— আসমা খাতুন, তানজিলা, তানিয়া ও নাসিমাসহ তাদের অন্য এক সহযোগী। তাদের মধ্যে চারজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে এবং একজনের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সক্রিয় চক্র বহির্বিভাগে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের অসাবধানতার সুযোগ নিয়ে গলার স্বর্ণের চেইন, ব্যাগ কেটে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে আসছিল। রোববার দুপুরে ইএনটি বিভাগের দীর্ঘ লাইনে চিকিৎসাসেবার কোনো টিকিট না কেটে এ নারীরা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পেছনে থাকা রোগী ও তাদের স্বজনেরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির সত্যতা স্বীকার করে জানায়, ব্রাহ্মণবাড়িয়ার ধরমণ্ডল এলাকা থেকে একটি সংঘবদ্ধ দল হিসেবে তারা নিয়মিত এ হাসপাতালে আসত এবং আউটডোরে আসা রোগীদের লক্ষ্য করে চুরি পরিচালনা করত। আটকের সময় তাদের কারও কাছেই হাসপাতালে চিকিৎসা নেওয়ার কোনো টিকিট বা ভাউচার পাওয়া যায়নি।
পরবর্তীতে আটককৃতদের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাসপাতাল প্রশাসন জানিয়েছে।
এ বিষয়ে সদর হাসপাতাল কর্তৃপক্ষের এক কর্মকর্তা প্রথম সিলেটকে জানান, হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন প্রতারক বা চোর চক্রের শিকার না হন, সে বিষয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে রোগী ও তাদের স্বজনদের ভিড়ের স্থানে নিজেদের মালামাল সতর্কতার সঙ্গে রাখার পরামর্শ দেন তিনি।
তাহির আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: