জাইমার জাতিসংঘের চাকরি নিয়ে ছড়ানো তথ্যের জবাব দিলেন মাহ্দী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন এবং এর সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন।
রোববার (০৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, জাইমা রহমান বাংলাদেশ সরকারের কোনো পদে কিংবা জাতিসংঘে বাংলাদেশ সরকারের স্থায়ী মিশনে নিয়োগ পাননি। জাতিসংঘের নিজস্ব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মানবসম্পদ বিভাগ তার নিয়োগ দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমার নিয়োগ নিয়ে বিভিন্ন তথ্য ছড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে চাকরি দেওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা সত্য নয়। জাইমা নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন।
এর আগে ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনেও জাইমার নিয়োগ নিয়ে একই বক্তব্য দিয়েছিলেন মাহ্দী আমিন। তিনি জানিয়েছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে জাইমা রহমান লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন। নিয়োগটি জাতিসংঘের নিজস্ব নিয়ম ও প্রক্রিয়ায় হয়েছে বলে জানান তিনি।
মাহ্দী আমিন বলেন, জাইমা যে পদে নিয়োগ পেয়েছেন, সেটি জাতিসংঘের পি-৩ পর্যায়ের পেশাগত পদ। এ পর্যায়ের পদে সাধারণত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। তার পেশাগত প্রোফাইলের সঙ্গে পদটির সামঞ্জস্য রয়েছে।
তিনি বলেন, জাইমার নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট ও আর্থিক সুবিধা জাতিসংঘের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হচ্ছে। জাতিসংঘের নির্বাহী কার্যালয়ের অধীন মানবসম্পদ বিভাগই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেছে।
জাইমা বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি দলের অংশ হিসেবেও জাতিসংঘে যাননি উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, তিনি নিজের পেশাগত সক্ষমতা ও যোগ্যতার ভিত্তিতে আন্তর্জাতিক পরিসরে কাজ করছেন।
জাইমার নিয়োগ নিয়ে অপপ্রচার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক, শেয়ার ও কমেন্ট পাওয়ার জন্য মিথ্যা তথ্য ছড়ানোর প্রবণতা তৈরি হয়েছে। সত্য তথ্যের ভিত্তিতে সমালোচনা করা যেতে পারে, তবে সত্যকে বিকৃত করে অপপ্রচার চালানো উচিত নয়।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: