সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নিজেদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ৩৪৬ রান করেছে বাংলাদেশ। প্রথম দিনে অর্ধেকজুড়ে একক আধিপত্যের পর ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা। তবে আগের দিন ৮ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ২৯ রান যোগ করে।
এর আগে শুক্রবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ হাসানের ব্যাটে দারুণ সূচনা পায় দল। তবে দ্বিতীয় সেশনে মাত্র ৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ছন্দ হারায় বাংলাদেশ। সেখান থেকে লিটন ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি।
ইনিংসের শুরু থেকেই দুই ওপেনার দুই ধরনের ব্যাটিংয়ে আফগান বোলারদের চাপে রাখেন। সাদমান ছিলেন ধীরস্থির, আর তানজিদ হাসান খেলেছেন আক্রমণাত্মক মেজাজে। মাত্র ৪১ বলে অর্ধশতক পূর্ণ করেন তানজিদ। দুই ওপেনারের ব্যাটে ১৮ ওভারেই এক শ রান পূর্ণ করে বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন তারা। ৭১ বলে ৮৩ রানের ইনিংস খেলে আউট হন তানজিদ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ইসমত আলমের বলে উইকেটকিপার ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।
অন্য প্রান্তে সাদমানও তুলে নেন অর্ধশতক। শুরুতে পাঁচ রানে ক্যাচ দিয়ে জীবন পেয়েছিলেন তিনি। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। পরে ৬৭ রান করে মোহাম্মদ সেলিম সাফির বলে স্কয়ার লেগে ক্যাচ দেন সাদমান। প্রথম সেশনে ১ উইকেটে ১৩৪ রান তুলে ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে সাদমানের বিদায়ের পর বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। মুমিনুল হক ৩৯ রান করে ইয়ামিন আহমদজাইয়ের বলে ক্যাচ দেন। এরপর একই বোলারের বলে শূন্য রানে বোল্ড হন মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেনও ২৯ রানের বেশি করতে পারেননি। কায়েস আহমেদের বলে আউট হন তিনি।
একসময় ২ উইকেটে ২২১ রান করা বাংলাদেশ ২২৫ রানেই হারায় পাঁচ উইকেট। অল্প সময়ের ব্যবধানে তিন ব্যাটসম্যানকে হারিয়ে বড় চাপে পড়ে দল। নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের রান তোলার গতি আটকে দেন আফগানিস্তানের পেসার ও স্পিনাররা।
বিপর্যয়ের মধ্যে দলের হাল ধরার চেষ্টা করেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজনের জুটিতে আসে ৪২ রান। তবে ২৪ রান করে ইসমত আলমের বলে বোল্ড হন মিরাজ।
এরপর লিটনের ওপরই নির্ভরতা বাড়ে বাংলাদেশের। শুরুতে সতর্ক ব্যাটিং করলেও পরে ছন্দ ফিরে পান এই উইকেটকিপার-ব্যাটসম্যান। মোহাম্মদ সেলিম সাফির বলে চার মেরে অর্ধশতক পূর্ণ করেন তিনি। তবে ৫৩ রানেই থামে তার ইনিংস। সেলিম সাফির বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।লিটনের বিদায়ের পর শেষ দিকে নাঈম হাসান ও তাইজুল ইসলাম উইকেটে থেকে দলকে তিন শ পার করান। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩১৭ রান।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: