সিলেটে দুর্গাপূজা ঘিরে সিসিক প্রশাসকের বার্তা
সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। একই সঙ্গে নগরবাসী যাতে নিরাপদ ও নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় সিসিক প্রশাসক নগরবাসীসহ দেশের সনাতন হিন্দু সম্প্রদায়ের সবাইকে দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আবহমানকাল ধরে এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। এই ঐতিহ্য বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি বলেন, সিলেটের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য ধারণ করে শারদীয় দুর্গাপূজা আনন্দ, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।
সিসিক প্রশাসক আরও বলেন, নগরবাসী যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশক নিধন কার্যক্রম পরিচালনা, সড়কবাতি সচল রাখা এবং প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে।
তিনি জানান, দুর্গাপূজা সফল ও নির্বিঘ্ন করতে সিসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
শুভেচ্ছা বার্তায় আব্দুল কাইয়ুম চৌধুরী শারদীয় দুর্গাপূজার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে বলেও কামনা করেন তিনি।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: