সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে ফের বেড়েছে হামে মৃত্যু। টানা তিনদিন মৃত্যুহীন থাকার পর এক শিশুর মৃত্যুর পরদিন সিলেটে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী নয় মাস ২২ দিন বয়সী পারভেজ হবিগঞ্জের নবীগঞ্জ ও দেড় বছর বয়সী সাদিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।
এই সময়ে নতুন করে কেউ হাম শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন আরো ১১১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৭ জন।
রোববার (১৮ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৩, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৬, রাগিব রাবেয়া মেডিক্যালে ছয়, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৪৪৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৩, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭২, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩, নর্থ ইস্টে পাঁচ, পার্কভিউ মেডিক্যালে ১৬, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, বিশ্বনাথে দুই, গোলাপগঞ্জে চার, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৪, ধর্মপাশায় এক, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুই ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৭, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮১, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গে একজনের মৃত্যু ও নতুন ভর্তি হয়েছিলেন ১২৫ জন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: