প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী

প্রথম ডেস্ক

১৮/১০/২০২৬ ১৩:২০:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করেও বাংলাদেশের বিভিন্ন সংকট ও দুর্যোগে তারেক রহমান মানুষের পাশে থেকেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তার দাবি, তারেক রহমানের নির্দেশনা ও নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন এবং ফাতিহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জেডআরএফ জাতীয় পর্যায় ছাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলেও কার্যক্রম পরিচালনা করছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতের মতো দুর্যোগের সময় প্রবাসে থেকেও তিনি নিয়মিত নির্দেশনা দিয়েছেন এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও জিয়াউর রহমান ফাউন্ডেশন তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছে। এর মধ্যে অনলাইনে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজনও রয়েছে।’

রিজভীর ভাষ্য অনুযায়ী, শিক্ষা ও দুর্যোগকালীন সহায়তার পাশাপাশি প্রতিবন্ধী হয়ে পড়া মানুষের পুনর্বাসনেও কাজ করছে সংগঠনটি। দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসেবা দেওয়ার মতো কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে ভূমিকা রাখছে জেডআরএফ।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, পরিচালক ড. মোর্শেদ হাসান খান এবং দেশের বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad