জগন্নাথপুরে প্রবাসী পরিবারের জমি দখলের অভিযোগ, তদন্তে হিউম্যান রাইটস প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী এক পরিবারের পৈত্রিক সম্পত্তি দখল ও হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা আবুল কালাম রাসেলের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যাচাই করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হিউম্যান রাইটস ইউকে শাখার প্রেসিডেন্ট রহমত আলী। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে হেলিকপ্টারযোগে তিনি ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও তাদের অভিযোগ শোনেন। তাঁর সঙ্গে ছিলেন লন্ডনপ্রবাসী ফজলু মিয়া ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
প্রবাসী মখলিছুর রহমানের মেয়ে হামিদা আক্তার অভিযোগ করে বলেন, “আমার বাবা-চাচার রেখে যাওয়া জমি যুবলীগ নেতা রাসেল ভুয়া কাগজপত্র তৈরি করে দখল করেছেন। আদালতে প্রমাণ হয়েছে দলিল জাল, কিন্তু তিনি এখনো দখল ছাড়ছেন না, উল্টো ভয়ভীতি দেখাচ্ছেন।”
তিনি আরও বলেন, “রাসেল প্রভাব খাটিয়ে পুলিশ দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এখন দেশে এসে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
হিউম্যান রাইটস ইউকে প্রেসিডেন্ট রহমত আলী বলেন, “আমি সরেজমিনে তদন্ত করেছি। প্রবাসীদের জমি জাল দলিলের মাধ্যমে দখলের প্রমাণ মিলেছে। আমরা বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে মানবাধিকার কমিশন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের দপ্তরে পাঠাবো।”
লন্ডনপ্রবাসী ফজলু মিয়া বলেন, “আদালত আমাদের পক্ষে রায় দিলেও যুবলীগ নেতা রাসেল জমি ছাড়ছেন না। প্রশাসনের নিরপেক্ষ হস্তক্ষেপ প্রয়োজন।”
স্থানীয় সূত্র জানায়, জমি দখল নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মানবাধিকার সংস্থার উপস্থিতিতে ভুক্তভোগী পরিবারের বক্তব্য গ্রহণ করা হয়েছে।
অভিযুক্ত যুবলীগ নেতা আবুল কালাম রাসেল বর্তমানে পলাতক রয়েছেন। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ রহমান
মন্তব্য করুন: