বিধিবহির্ভূত বদলি: তাহিরপুরে ১৩ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
Led Bottom Ad

বিধিবহির্ভূত বদলি: তাহিরপুরে ১৩ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০২/১১/২০২৫ ২৩:১৯:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিধিবহির্ভূতভাবে বিদ্যালয় থেকে বদলি হয়ে নতুন স্থানে যোগদান করায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। আগামী ৩ নভেম্বরের মধ্যে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না— তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিস্থাপন সাপেক্ষে দুইজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু প্রতিস্থাপন শিক্ষক যোগদানের আগেই তারা অন্য প্রতিষ্ঠানে যোগ দেন। এরমধ্যে একজন শিক্ষিকা আবার মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় বিদ্যালয়টি বর্তমানে সম্পূর্ণ শিক্ষকশূন্য হয়ে তালাবদ্ধ অবস্থায় রয়েছে।


এছাড়া উপজেলার আরও পাঁচটি বিদ্যালয়ে একইভাবে শিক্ষক প্রতিস্থাপনের আগেই বদলি হয়ে যাওয়ায় সেসব স্কুলে একজন করে শিক্ষক দায়িত্ব পালন করছেন। এসব বিদ্যালয় হলো—মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওদুলভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও দুটি স্কুল। এতে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া জানান, দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে ১৩ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন কোনো শিক্ষকই নেই। এমন পরিস্থিতিতে আমরা বিব্রত। শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় এটি অত্যন্ত দুঃখজনক।”


নোটিশের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের ১ নভেম্বর থেকে নতুন কর্মস্থলে কার্যক্রম পরিচালনা ও উপস্থিতি স্বাক্ষর করা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আগামী ১ ডিসেম্বরের মধ্যে পূর্বের কর্মস্থলে ফিরে গিয়ে দায়িত্বগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad