দিরাইয়ে অজ্ঞান করে চুরির ঘটনায় থানায় মামলা
সুনামগঞ্জের দিরাইয়ে চেতনানাশক মিশ্রিত কোমল পানীয় খাইয়ে ৬ জেলের নগদ টাকা ও মোবাইল ফোন চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ২২ অক্টোবর দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়নের রাজনগর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাজনগর গ্রামের হিরন মিয়ার ছেলে মো. রাহুল বাদী হয়ে একই গ্রামের ছালিক মিয়ার ছেলে কাপ্তান মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, রাজনগর গ্রামের কয়েকজন জেলে বর্ষা মৌসুমে স্থানীয় কামারখাল নদীতে মৎস্য আহরণের কাজ করতেন। কাজের সুবাদে নদী তীরে অস্থায়ী ছাপ্টা ঘর নির্মাণ করে বসবাস করতেন তারা। জেলেদের ওই দলে কাপ্তান মিয়ার ভাই হাসান মিয়া কাজ করতেন। ঘটনার দিন কাপ্তান মিয়াকে বদলি দিয়ে ব্যক্তিগত কাজে সিলেট যান হাসান মিয়া। সারাদিন মৎস্য আহরণের কাজ শেষে রাতে একসপ্তাহের মাছ বিক্রির টাকা বন্টন করার প্রস্তুতি নিচ্ছিলেন জেলেরা। এ সময় অভিযুক্ত কাপ্তান মিয়া অন্য জেলেদের হিসাব শুরু করতে বলে ব্যক্তিগত কাজের কথা বলে বাইরে যায়। ঘন্টাখানেক পর রাত ১০টার দিকে দুইটি কোমল পানীয়ের বোতলে চেতনানাশক মিশ্রিত করে ঘটনাস্থলে নিয়ে আসে এবং অন্য জেলেদের পান করায়। এতে রাজনগর গ্রামের শরীফ উদ্দিন, পাবেল মিয়া, জাফর আলী, হেলাল আহমদ, কামাল মিয়া ও আমিনুর রহমান অজ্ঞান হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন। আসামী কাপ্তান মিয়া জেলেদের পাঁচটি মোবাইল ফোন ও সাতদিনের মাছ বিক্রির নগদ ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে ভিকটিমদের স্বজনরা খাবার নিয়ে সেখানে গিয়ে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় ভিকটিম ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
মামলার বাদী মো. রাহুল বলেন, কাপ্তান মিয়া একজন ধূর্ত, প্রতারক ও মলমপার্টির সদস্য। ভিকটিম ৬ জেলে মুমূর্ষু অবস্থায় সিলেটে দীর্ঘ চিকিৎসা নিয়েছেন। পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে চেতনানাশক খাওয়ানোর বিষয়টি ডাক্তার নিশ্চিত হয়েছেন। তাদের কারো কারো অঙ্গহানি ও দীর্ঘ শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অভিযুক্ত কাপ্তান মিয়াসহ অন্য আসামীদের গ্রেপ্তারের দাবী জানান তিনি।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: