দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো— একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে রাহিম (৭) এবং মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে দুই শিশু বাড়ির পাশে বাইসাইকেল নিয়ে খেলছিল। এক পর্যায়ে পরিবারের অগোচরে তারা আনুমানিক দুইশ গজ দূরে প্রতিবেশী সাঈদ মিয়ার বাড়ির পুকুরের ধারে চলে যায়। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে পা পিছলে বাইসাইকেলসহ পুকুরে পড়ে যায় তারা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী ইব্রাহীম আলী পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। তবে এর আগেই দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একসাথে দুই শিশুর মৃত্যুতে গ্রামের মানুষজন শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: