নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় ‘বিজলী কৃষি’ অন্তর্ভুক্তির দাবিতে সুনামগঞ্জে কৃষক সমাবেশ
সুনামগঞ্জের সদর উপজেলার চিনাউড়া এলাকার আনারস বাগানে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় ‘বিজলী কৃষি’ অন্তর্ভুক্তির দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত এ সমাবেশে কৃষক, তরুণ ও পরিবেশকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে অধিকাংশ জমি কৃষিজ হওয়ায় বৃহদাকৃতির সোলার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা কঠিন। তবে কৃষিজমিতেই ছোট আকারের সোলার–নির্ভর বিদ্যুৎ প্লান্ট স্থাপন করা গেলে তা হবে কৃষি ও জ্বালানি—উভয় ক্ষেত্রেই সম্ভাবনাময় একটি টেকসই সমাধান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতেও ‘বিজলী কৃষি’ কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তারা।
হাউস-এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, এবং বিশ্বজন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কর্ণবাবু দাস প্রমুখ।
বক্তারা আরও বলেন, কৃষিজমিতে বিদ্যুৎ উৎপাদন—‘বিজলী কৃষি’—কে নীতিমালায় যুক্ত করা হলে দেশের জ্বালানি খাতে রূপান্তরমূলক পরিবর্তন আসবে। একই জমিতে কৃষিকাজের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করবে।
এ রহমান
মন্তব্য করুন: