ছাতকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ

দুই ভাইয়ের বিরোধে উত্তেজনা

ছাতকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৮/০৭/২০২৬ ১৯:১৪:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামে পারিবারিক জমি নিয়ে দুই সহোদর ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে উ'ত্তে'জনা বিরাজ করছে। দুবাইপ্রবাসী জমির আলী অভিযোগ করেছেন, আদালতের নিষেধাজ্ঞা ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে তাঁর বসতভিটার জমিতে জোরপূর্বক পাকা দালান নির্মাণ করছেন তাঁর আপন ভাই আব্দুল মমিন।

ভুক্তভোগীর দাবি, প্রবাসে থাকাকালীন সময়ে তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই জমিতে নির্মাণকাজ শুরু করা হয়। বিষয়টি নিয়ে তিনি প্রবাস থেকেই পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। বর্তমানে দেশে অবস্থান করলেও তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।

জানা গেছে, মৃত আব্দুল মুকিদের দুই ছেলে আব্দুল মমিন ও জমির আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। স্থানীয়ভাবে সাবেক ও বর্তমান চেয়ারম্যান, ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, আদালতের নিষেধাজ্ঞা, থানা পুলিশের সতর্কতা এবং স্থানীয় সালিশের সিদ্ধান্ত সত্ত্বেও নির্মাণকাজ বন্ধ রাখা হয়নি। স্থানীয়দের ভাষ্য, প্রশাসনের উপস্থিতিতে কাজ বন্ধ থাকলেও পরে আবার নির্মাণকাজ চালানো হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আদালতের আদেশ বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সুজন তালুকদার / সজল আহমেদ

মন্তব্য করুন: